ইলিশ শিকারে নদী-সাগরে জেলেরা, ঘাটে কর্মচাঞ্চল্য
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকেই নদনদী ও সাগরে জাল ফেলতে শুরু করেছেন জেলেরা। দীর্ঘ বিরতি কাটিয়ে চাঁদপুরের বড়স্টেশন, ভোলার মেঘনা-তেঁতুলিয়া ও লক্ষ্মীপুরের উপকূলীয় ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলার বোঝাই করে ঘাটে মাছ নিয়ে আসায় আড়তগুলো মুখর হয়ে উঠেছে। প্রথম দিনেই বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দাম এখনও বেশ চড়া রয়েছে। দীর্ঘ ২২ দিন অপেক্ষার পর চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে প্রথম দিনে জমে উঠেছে কেনাবেচা। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে প্রচুর ইলিশ আসছে এই ঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামাতে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকর...