বিচারহীনতার অন্ধকারে বেড়ে ওঠা এক প্রজন্ম
‘বিচার করতে না পারলে রামিসার অপরাধীকে আমাদের হাতে তুলে দিন’– রাজধানীর রাজপথে দাঁড়িয়ে কয়েকজন কিশোরের উচ্চারিত এই বাক্য কেবল একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ নয়; এটি রাষ্ট্রের প্রতি গভীর হতাশা, ক্ষোভ এবং আস্থা হারানোর নির্মম দলিল। এমন কথা কোনো সভ্য সমাজে উচ্চারিত হওয়ার কথা নয়। কারণ সভ্য রাষ্ট্রে মানুষ বিচার নিজের হাতে তুলে নিতে চায় না; মানুষ রাষ্ট্রের ওপর আস্থা রাখতে চায়। আদালত, আইন, তদন্ত এবং বিচার ব্যবস্থার ওপর নির্ভর করতে চায়। কিন্তু যখন মানুষ বছরের পর বছর দেখে অপরাধ ঘটে, প্রতিবাদ হয়, সংবাদ প্রকাশিত হয়, সামাজিক মাধ্যম উত্তাল হয়– তারপরও বিচার ঝুলে থাকে, তখন মানুষের ভেতরে জমতে...