সাতসিকার সহস্রবেলি
এবার ঈদের ছুটির একটা বেলা চমৎকার কাটল প্রখ্যাত পাখিবিদ ও লেখক শরীফ খানের বাড়িতে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতসিকা গ্রামে তাঁর সুন্দর একতলা একটা পাকা বাড়ি। রাস্তার পাশে হলেও সে বাড়িতে ঘরের সামনে একটা ছোট্ট ফুলবাগান, আর পেছনে প্রায় ১০ বিঘা জমি ধরে গ্রামীণ বন। ফুলবাগানে রয়েছে বেশ কিছু বাহারি পাতা ও ফুলের গাছ। এগুলোর মধ্যে একটা বেশ বড়সড় এক ঝোপাল সহস্রবেলি ফুলের গাছ। নিভৃত ছায়াচ্ছন্ন গ্রামের ভেতর এ রকম একটি অভিজাত ফুলের গাছের দেখা পাব, ভাবিনি। শরীফ ভাই বললেন, ‘অবসরের পর এখন স্থায়ীভাবে এই গ্রামের বাড়িতেই থাকছি। তাই বাড়ির সামনে দু-চরটা ফুলগাছ লাগিয়েছেন আপনার ভাবি। রাতে বারান্দায় বসেও হ...