গভীর জননিরাপত্তা সংকট
রাজধানীতে ছিনতাইকারীর হস্তে পুনরায় এক নারীর মৃত্যু ঘটিল। শনিবার প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার রিকশায় ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথ অতিক্রমকালে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারীর একজন তাঁহার ব্যাগ টানাটানি করিলে ঐ নারী সড়কে পড়িয়া মাথায় আঘাত পান। হাসপাতালে ভর্তির চার দিন পর বৃহস্পতিবার তিনি প্রাণ হারাইয়াছেন। ঘটনাটি বেদনাদায়ক তো বটেই; আইনশৃঙ্খলার সামগ্রিক অবনতিকেও তুলিয়া ধরে বলিয়া আমরা মনে করি। পুলিশ সদরদপ্তরের তথ্য মতে, জানুয়ারি হইতে এপ্রিল পর্যন্ত চার মাসে ঢাকাসহ সমগ্র দেশে চুরি-ছিনতাই-ডাকাতির ঘটনায় তিন সহস্র ৮৯৯টি মামলা হইয়াছে। এই সময়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে...