ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে যমুনা তীরবাসীর
যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের সদর, কাজিপুর ও চৌহালী উপজেলার চরাঞ্চলে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। গত ১০ থেকে ১৫ দিনের টানা ভাঙনে শতাধিক বসতবাড়ি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা ঝুঁকির মুখে পড়ছে। ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীতীরবর্তী হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। একসময় কয়েকশ পরিবার বসবাস করলেও ধারাবাহিক নদীভাঙনে জনপদের বড় একটি অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। সাম্প্রতিক ভাঙনে আরও বহু পরিবার গৃহহীন হয়েছে।...