প্রেতনীর রূপকথা
স্টিমারে উঠে দেখলাম শ্রাবণের মেঘের সঙ্গে রাতের অন্ধকার এসে হাহাকার করে মিশছে। মাথা হেঁট করে ভাবলাম; আবার ভোর হবে-হবে নাকি? থার্ড ক্লাস ডেকের একটু ছোট্ট জায়গা রয়েছে দেখলাম– সেকেন্ড ক্লাস কেবিনের দরজাটার বাইরেই একটু উত্তর মুখ ঘেঁষে। স্টিমারের চোঙা থেকে বিস্তর কয়লার গুঁড়ো এসে পড়ে সেখানে– কে যেন একটু জলও ঢেলে রেখেছে। কিন্তু জায়গাটা ডেকের একেবারে এক প্রান্তে– নদীর জলের গন্ধ ও অন্ধকারের বুকের উপর যেন। ঝিরঝির করে বাতাস দিচ্ছে, এই গুমোটের ভিতর এ জায়গাটা একটা নিস্তারের মতো। অবাক হয়ে ভাবছিলাম কেউ এই জায়গায় বিছানা পাতেনি কেন– কয়লার গুঁড়ি নামে বলে? কিন্তু কয়লার গুঁড়ি চোখে না এলেই ত...