চিঠির খামে জীবনের গল্প
খালি পায়ে ছুটছেন তিনি, এক হাতে বর্শা, মাথায় ছোট একটা ঘণ্টা আর অন্য হাতে আলো জ্বালানো হারিকেন। পিঠে ঝোলানো চিঠিপত্রের ঝুলি–এ যেন এক প্রাণবন্ত ডাকহরকরা ছুটে চলেছেন নিরলস। কুষ্টিয়া শহরের হাউজিং নিশান মোড়ে স্থাপিত গগন হরকরার এই ব্যতিক্রমী ভাস্কর্যটি আমাদের মনে করিয়ে দেয় এক হারিয়ে যাওয়া যুগের কথা, যখন ভালোবাসা মানেই ছিল অপেক্ষা আর চিঠি ছিল অনুভূতি প্রকাশের একমাত্র ভরসা। তখন, হৃদয়ের গোপন অনুভব কাগজে লেখা হতো। সেই চিঠি শত মাইল পথ পেরিয়ে পৌঁছে যেত প্রিয়জনের হাতে। প্রতিটি শব্দে থাকত আবেগ, প্রতিটি বাক্যে থাকত অম্লান ভালোবাসা। তখন ছিল না মোবাইল ফোন, ছিল না হোয়াটসঅ্যাপ কিংবা ইমো–ছিল খাম, ডাকপি...