রাগবেলুন
খেলনার বাক্সটা লাথি মেরে উল্টে দিল আয়ান। তার প্রচণ্ড রাগ উঠেছে। সে লেগো ব্লকগুলো দিয়ে বানাচ্ছিল একটা রকেট। কিন্তু রকেটের একদম মাথার নীল ব্লকটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। রাগে মুখটা লাল টমেটোর মতো হয়ে গেলো। আর ঠিক তখনই ঘটলো সেই আজব কাণ্ডটি! গতকাল মেলা থেকে একটি অদ্ভুত লাল বেলুন কিনেছিল আয়ান। বেলুনওয়ালা লোকটা আয়ানের ডান হাতের কবজিতে সুতো দিয়ে সেটি বেঁধে দিয়েছিল। বলেছিল, ‘এটা জাদুর বেলুন। তোমার রাগ যতো বাড়বে, এটা ততো ফুলবে।’ আয়ান হেসে কথাটি উড়িয়ে দিয়েছিল তখন। বেলুনটি এতোক্ষণ একদম চুপসানো ছিল। কিন্তু আয়ান রেগে যেতেই ফুসসস করে সেটি ফুলে এক্কেবারে টেনিস বলের মতো হয়ে গেলো। আয়ান তো অবাক! ব...