টেনিস কোর্ট যেন ফ্যাশন ক্যাটওয়াক!
উইম্বলডনের অল ইংল্যান্ড ক্লাব তার জেদি এক অলিখিত নিয়মটি ধরে রেখেছে, সেখানে শুধুই শ্বেতশুভ্র সাদার রাজত্ব। উইম্বলডনের সেই চিরন্তন সাদা রঙের প্রাচীরটুকু বাদ দিলে বাকি দুনিয়ায় টেনিস বলতে যে ট্র্যাডিশনাল সাদা পলো টি-শার্ট আর প্লিটেড স্কার্টের ছবিটা মগজে গেঁথে ছিল, তা বোধ হয় চিরতরেই ইতিহাস। ব্যাকহ্যান্ড-ফোরহ্যান্ডের নিখুঁত ক্রস-কোর্ট উইনারের পাশাপাশি এখন টেনিস রোমান্টিকদের নজর কাড়ছে অন্য এক উইনার। তা হলো ফ্যাশন স্টেটমেন্ট বা ব্যক্তিত্বের প্রকাশ। টেনিস কোর্ট এখন আর স্রেফ ঘাম আর পেশির লড়াইয়ের ময়দান নেই, সেটি হয়ে উঠেছে প্যারিস বা মিলানের হাই-ফ্যাশন ক্যাটওয়াক! জাপানের নাওমি ওসাকা যখন জাঁকজমকপূর্...