নদীর মাঝে দাঁড়িয়ে আছে সংযোগ সড়কবিহীন ৪ কোটি টাকার সেতু
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের দক্ষিণ ইসলামপুরসহ অন্তত ১২টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতের জন্য লাঘাটা নদীর ওপর দাঁড়িয়ে আছে চার কোটি টাকার সেতু। কিন্তু দুই প্রান্তে সংযোগ সড়ক না থাকায় সেটি দিয়ে পারাপারের সুযোগ নেই। ফলে সেতু নির্মাণের পরও নদী পার হতে হচ্ছে ডিঙি নৌকা ও নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে। ২০২০ সালে লাঘাটা নদীর ওপর শুরু হওয়া সেতুর নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা থাকলেও বছরের পর বছর পেরিয়ে গেছে; এখনও নিশ্চিত হয়নি কবে চালু হবে সেতুটি। এলজিইডি রাজনগর উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়-ধলাই খেয়াঘাট সড়কের আ...