ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান
পাড়াগাঁয়ের কাকডাকা ভোর। ধীরে ফরসা হচ্ছে পুবের আকাশ। ঘাসের ডগায় জমে আছে শিশির বিন্দু। কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয় বাড়ির উঠানে। এরপর শুরু হয় রস ছাঁকা, চুলায় আগুন জ্বালানো আর বড় কড়াইয়ে রস জ্বাল দেওয়ার কাজ। কয়েক ঘণ্টার পরিশ্রমে তরল রস ঘন হয়ে তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়। নাটোরের লালপুরের ওয়ালিয়া গ্রামের কমেলা বেগমের বাড়িতে শীতের সকাল শুরু হয় এভাবেই। সম্প্রতি এক সকালে ওয়ালিয়া মধ্যপাড়ায় কমেলা বেগমের বাড়িতে গিয়ে দেখা যায়, উঠানে বড় চুলার পাশে ব্যস্ত তিনি। ছোট ছোট হাঁড়ি থেকে রস ঢালছেন বড় পাত্রে। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই রস ঢালেন টিনের তৈরি...