এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা, স্বপ্ন চিকিৎসক হওয়ার
ফল প্রকাশের পর থেকেই মুখে হাসি জাকিয়া সুলতানা ইভার। আনন্দটা শুধু নিজের ভালো ফলের জন্য নয়, কুমিল্লা জেলার সেরা হওয়ার গর্বও মিশে আছে সেই হাসিতে। এসএসসি পরীক্ষায় ১,২৫০ নম্বরের মধ্যে ১,২১৭ নম্বর পেয়ে কুমিল্লা জেলায় প্রথম হয়েছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী। দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের মোহাম্মদ জামাল হোসেনের মেয়ে ইভা। বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শুরু থেকেই তারা তাকে উৎসাহ দিয়ে এসেছেন। নিজের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষ...