নবম পে স্কেল বাস্তবায়ন দাবি বিশ্ববিদ্যালয় কর্মচারীদের
সরকারি কর্মচারীদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে বৈষম্যহীন নবম পে স্কেল এক ধাপে বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন। সংগঠনটির নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, জাতীয় বাজেটে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মৌন মিছিল ও সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া। সেলিম মিয়া বলেন, অষ্টম পে স্কেল কার্যকরের পর ১১ বছর পার হলেও নতুন পে স্কেল বাস্তবায়িত হয়নি। ফলে মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে সরকারি কর্মচারীরা চরম আর্থিক সংকটে রয়েছ...